ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী ৩৩ হাজার ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের বিশাল উদ্যোগ গ্রহণ করেছে মানবিক সংগঠন ‘আস -সুন্নাহ ফাউন্ডেশন’।
ইফতার বিতরণ ২০২৬ নামক এই মেগা প্রকল্পের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।
দুর্গাপুর উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে এই কার্যক্রম মাঠপর্যায়ে পরিচালনা করেছেন মো. সাকিবুল ইসলাম সাব্বির। জানা যায়, প্রকৃত হকদার ও দরিদ্র মানুষদের খুঁজে বের করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফাউন্ডেশনের দপ্তরে পাঠান। পরবর্তীতে ফাউন্ডেশন থেকে নিবিড় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইফতারের প্যাকেজগুলো সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নির্ধারিত প্রতিটি ইফতার প্যাকেজে রোজাদারদের জন্য পুষ্টিকর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। ১ হাজার টাকা সমমূল্যের এই প্যাকেজে রয়েছে— ১ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি মুড়ি এবং ১ লিটার সয়াবিন তেল।
মাঠপর্যায়ে এই ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে নিজের এক আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেন মো. সাকিবুল ইসলাম সাব্বির। তিনি বলেন, "বিতরণ কার্যক্রমে গিয়ে আমি মানুষের যে কষ্ট ও অসহায়ত্ব দেখেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন অনেক মানুষ আছেন, যাদের একসময় হয়তো অনেক কিছু ছিল, কিন্তু আজ সন্তানেরা তাদের দূরে ঠেলে দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
একটি হৃদয়স্পর্শী ঘটনার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "একটি বিল ও জঙ্গল ঘেরা দুর্গম এলাকায় এক অসহায় মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে গিয়েছিলাম। সেখানে কোনো বিদ্যুৎ নেই, আশপাশে জনবসতি নেই। একটি ছোট্ট কুঁড়েঘরে তিনি সম্পূর্ণ একাকী জীবনযাপন করছেন। এই দৃশ্যগুলো দেখে আমার জীবনের গভীর এক উপলব্ধি হয়েছে। আমাদের জীবনে অনেক অপূর্ণতা নিয়ে আমরা হা-হুতাশ করি, অথচ আল্লাহ রাব্বুল আলামীন আমাদের কতটা ভালো রেখেছেন, তা এসব অসহায় মানুষদের না দেখলে বিশ্বাস করা যায় না। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তিনি যেন আমাকে সবসময় তাঁর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার এবং একটি সুন্দর ও মানবিক জীবন পরিচালনার তৌফিক দান করেন।
মানবিক কাজের এই অভিজ্ঞতা থেকে এক গভীর উপলব্ধির কথা জানিয়ে তিনি বলেন,মানুষের উপকার করতে চাইলে বা পাশে দাঁড়াতে চাইলে কোনো রাজনৈতিক দল বা পদের প্রয়োজন হয় না। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে একটু এগিয়ে আসি, তবেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব। এর একটি জীবন্ত ও অনুকরণীয় উদাহরণ হলেন শায়খ আহমাদুল্লাহ এবং তাঁর আস-সুন্নাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ২০২১ সাল থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী গৃহ নির্মাণ, স্বাবলম্বী প্রকল্প, উদ্যোক্তা তৈরি, শীতবস্ত্র ও রিকশা বিতরণের মতো দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক কাজ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।
নিজের ভবিষ্যত ইচ্ছার কথা জানিয়ে সাব্বির বলেন, "ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের সরাসরি আর্থিক সাহায্য করার মতো সামর্থ্য আল্লাহ আমাকে এখনো দেননি। তবে আমার স্বপ্ন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমাকে স্বাবলম্বী করবেন এবং আমি নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়াতে পারব। তবে বর্তমানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো একটি আস্থার জায়গার মাধ্যমে আল্লাহ যে আমাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, সে জন্য আমি চিরকৃতজ্ঞ।" আগামী দিনগুলোতেও যেন ফাউন্ডেশনের মহৎ প্রকল্পগুলোর সাথে নিজ উপজেলার প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষদের যুক্ত করতে পারেন, সে জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রতিনিধির ব্যক্তিগত ও পেশাগত জীবন:
উল্লেখ্য, মো. সাকিবুল ইসলাম সাব্বির স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি পেশাগত জীবনেও একজন সফল আইটি ব্যক্তিত্ব। তিনি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের অধীনে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট’ কোর্সে (২৯তম ব্যাচ) সাফল্যের সাথে তার অধ্যয়ন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আমেরিকার স্বনামধন্য ইসলামিক কোরআন শিক্ষা প্রতিষ্ঠান ‘ইলমুল কোরআন ইউএসএ’ (Ilmul Quran USA)-তে সিনিয়র ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছেন।