ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
তাহিরপুরে কর্মরত সাংবাদিকরা বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা কখনোই সফল হবে না। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তাহিরপুর উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের উদ্যোগে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী—কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করা যায়নি। কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। পত্রিকা দু’টি ভবিষ্যতেও প্রকাশিত হবে এবং যারা হামলা চালিয়েছে, তারা জনগণের ঘৃণার শিকার হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, জনকণ্ঠ প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, কালবেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।